সৌদি প্রবাসীদের স্বাস্থ্য সেবায় ফের চালু হলো ‘প্রবাসবন্ধু’ কলসেন্টার

২৯ এপ্রিল, ২০২০ ১৫:৫৩  
একটি হটলাইন সহ ৫টি ইমো নম্বর নিয়ে ৬৭জন প্রবাসী ডাক্তারের সমন্বয়ে মোবাইল ফোনেই করোনায় স্বাস্থ্য সেবা দিতে সৌদিআরব প্রবাসীদের জন্য চালু করা হয়েছে ‘প্রবাসবন্ধু’ কল সেন্টার। নম্বরগুলো হলো-+৮৮০৯৬১১৯৯৯১১ এবং ০১৪০০৬১১৯৯৫-৮ ও ০১৯৫৮১০৫০২। সৌদি প্রবাসী ২২ লাখ প্রবাসীর স্বাস্থ্য সেবায় এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে এটুআই। বুধবার অনলাইন ভিডিও বৈঠকে এই সেবাটি উদ্বোধন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব সেলিম রেজা, আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস থেকে অতিরিক্ত সচিব আবুল হাসান, এটুআই প্রকল্প পরিচালক ড: আব্দুল মান্নান এবং পলিসি এ্ডভাইজার আনীর চৌধুরী, ওয়েজ আর্নার্স বোর্ডের মহাপরিচালক, এটুআই-এর চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ প্রমুখ। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসকল্যাণ মন্ত্রী প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ গ্রহণকরায় এটুআই-কে ধন্যবাদ জানানো হয়। পুরো প্রক্রিয়ার সমন্বয়ের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়ে এই সেবাটি সকল দেশেই এই সেবা চালুর আহ্বান জানানো হয়। বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অ্যাপে প্রবাসীদের জন্য ৩৪ ধরনের সেবা চালু করায় আইসিটি বিভাগের প্রশংসা করেন। হটলাইন ৩৩৩ এবং ৯৯৯ ব্যবহারে নিজের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। অপরদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানান, করেনা পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে দূতাবাসগুলোকে ১০ কোটি টাকার সহায়তা পাঠানো হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। আর প্রবাসীরা আমাদের অর্থনৈতির চালিকা শক্তি। আর তাই তাদের বিপদে আমাদেরই করোনা যুদ্ধের সম্মুখ ভাগের সমরকৌশলী চিকিৎকরা এগিয়ে এসেছেন। বাংলাদেশ থেকেও ২৫০ জন চিকিৎক এই সেবায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। সিআরএম সফটওয়্যারের মাধ্যমে এই কলসেন্টারটি পরিচালিত হচ্ছে।